

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত হয়ে আছে। তিনি বাংলা সাহিত্যের গুরু।
আজ শুক্রবার সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়িতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।’
মন্ত্রী আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার সৃষ্টি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদ। মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘কবি এখানে (শাহজাদপুরে) বসে অনেক গান, কবিতা ও গল্প রচনা করেছেন। তাই উনার স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে আমরা নানা অনুষ্ঠান পালন করছি। তার কবিতা ও গান বাঙালির মনে আছে, সেটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’
কবির জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়িতে এবার তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করছে রবীন্দ্র অনুরাগীরা।