

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কিশোর ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছেন। মাত্র ১৬ বছর বয়সেই টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে লিগের ইতিহাসে বিরল কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তারকা।
শনিবার রাতে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলিভান। ম্যাচের ৫০তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এটি চলতি মৌসুমে তার তৃতীয় গোল এবং টানা দ্বিতীয় ম্যাচে গোল করার কীর্তি।
এই গোলের মাধ্যমে ১৬ বছর বয়সী সুলিভান টানা চার ম্যাচে গোল বা গোলের সুযোগ তৈরিতে অবদান রাখেন। এমএলএসের ইতিহাসে ১৬ বছর বয়সে টানা চার ম্যাচে গোল-অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এমন কীর্তি গড়া তৃতীয় খেলোয়াড়ও সুলিভান।
রেড বুলসের বিপক্ষে জয়ে ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোলটি করেন মিলান ইলোস্কি। ২১তম মিনিটে করা ওই গোলে দলটি এগিয়ে যায়। এরপর সুলিভানের গোলের পর ৬৫তম মিনিটে নিল পিয়েরে তৃতীয় গোলটি করেন। ৭৪তম মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনিয়ন।
এই জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ফিলাডেলফিয়া ইউনিয়ন। আগস্টে দলটির রেকর্ড এখন তিন জয় ও দুই ড্র।
মেসি, সুয়ারেজদের মতো তারকারা যে লিগে খেলছেন, সেই এমএলএসেই এখন নিজের নামটি আলাদা করে জানান দিচ্ছেন সুলিভান। বয়স মাত্র ১৬, কিন্তু মাঠের পারফরম্যান্স বলছে, সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু।