শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

রাজার বিক্রমে পিএসএলের শিরোপা রিশাদ-সাকিবদের হাতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৫ বার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিততে শেষ ৩ বলে ৮ রান দরকার ছিল লাহোর কালান্দার্সের। তবে সব বল খেলার ধৈর্য ধরেননি দলের বিদেশি ক্রিকেটার সিকান্দার রাজা। পরপর ছক্কা-চার হাঁকিয়ে দলকে মাতান শিরোপার উচ্ছ্বাসে। তার বিক্রমের পাশাপাশি অপরপাশে অপরাজিত ছিলেন দুর্দান্ত ব্যাটিং করা কুশল পেরেরা।

অথচ, রাজা ফাইনাল খেলতে পারবেন কি না সেটি নিয়েই ছিল শঙ্কা। আগের দিনই ইংল্যান্ডে টেস্ট খেলেছেন তিনি। জিম্বাবুয়ের হয়ে সেখানে তিন দিনে ম্যাচ হেরে ধরেছেন পাকিস্তানের বিমান। টসের মাত্র ১০ মিনিট আগে বিমান থেকে অবতরণ করেছিলেন রাজা।

কোয়েটার বিপক্ষে লাহোর জয় পায় ৬ উইকেটে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর। পিএসএলে এটি লাহোরের তৃতীয় শিরোপা।

বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লাহোরের রান যখন ১৪৫, তখন নেই ৪ উইকেট। তবে উইকেট যতটা না শঙ্কায় ফেলেছে, তার চেয়ে বেশি শঙ্কা ছিল রান রেট নিয়ে। শেষ ২০ বলে দরকার ছিল ৫৭ রান। দারুণ ব্যাটিংয়ে সেটি তুলে ফেলেন রাজা ও পেরেরা। রাজা ৭ বলে ২২ রানে ও পেরেরা ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন।

দলের হয়ে ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ ও তিনে নামা আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করে দারুণ অবদান রাখেন। তবে ১৬ বলে গুরুত্বপূর্ণ সময়ে মাত্র ১৪ রান করে দলকে প্রায় বিপদের মুখে ঠেলে দিচ্ছিলেন ভানুকা রাজাপাকসে। সেখান থেকে দলকে উদ্ধার করেন তার স্বদেশি পেরেরা ও রাজা।

এর আগে ব্যাটিংয়ে নেমে হাসান নেওয়াজের ৪৩ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭৬ রানের ইনিংসে ২০১ রান করতে পারে কোয়েটা। দলের পক্ষে ২২ বলে ৫ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আভিস্কা ফার্নান্ডো। লাহোরের পক্ষে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। দুটি করে উইকেট সালমান মির্জা ও হারিস রউফের। একটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের রিশাদ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com