

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি শনিবার (৭ নভেম্বর) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন। অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে আত্মবিশ্বাস, মেধা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে তিনি দেশের সেরা সুন্দরীর এই খেতাব অর্জন করেন। গত আসরের বিজয়ী এবং মাহির ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তার মাথায় এই রাজমুকুট পরিয়ে দেন।
ছোট পর্দায় নিয়মিত অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে মাহি দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে পরিচিত মুখ। ক্যামেরার সামনে তার দীর্ঘদিনের সাবলীল উপস্থিতি এবং মঞ্চে গভীর আত্মবিশ্বাস তাকে অন্যান্য প্রতিযোগীদের চেয়ে এগিয়ে রেখেছে। মাহি হুট করেই এই প্রতিযোগিতায় আসেননি, এর আগে মিস অরা বাংলাদেশ ২০২৩ সহ বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ছিল তার। র্যাম্প ওয়াক, বাচনভঙ্গি এবং গ্রুমিং সেশনের প্রতিটি ধাপে সেই অভিজ্ঞতা মাহিকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।
ফাইনালের রাতে মাহি একটি পাথরের কারুকাজ করা শ্যাম্পেন গোল্ড রঙের অফ শোল্ডার মারমেইড গাউন পরে মঞ্চে হাজির হন। তার চমৎকার পোশাক নির্বাচন, মিষ্টি হাসি এবং প্রশ্নোত্তর পর্বে বুদ্ধিদীপ্ত ও সাবলীল উত্তর বিচারকদের মন জয় করে নেয়। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।
মুকুট জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহি বলেন, `একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।’
তিনি আরও জানান, তার বাবা মা তাকে বলেছিলেন, যাও, বিশ্ব জয় করে আসো। সেই অনুপ্রেরণা থেকেই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন, বিশ্বমঞ্চে তিনি বাংলাদেশের সংস্কৃতি ও মানুষকে তুলে ধরতে চান। তার দৃঢ় বিশ্বাস, আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।
জাতীয় পর্যায়ে সেরা সুন্দরীর মুকুট জেতার পর মাহির সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। আগামী ১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মূল আয়োজন। আগামী ২৪ নভেম্বর সান জুয়ানের কোলিসিও ডি পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে এর জমকালো গ্র্যান্ড ফিনালে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের সুন্দরীদের সঙ্গে লড়াই করে ইতিহাস গড়ে সেরা ৩০ এ জায়গা করে নিয়েছিলেন, যা ছিল মিস ইউনিভার্সের ইতিহাসে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। খুব অল্প সময় বাকি থাকলেও বন্ধু মিথিলার পরামর্শ ও নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাহি এখন পুয়ের্তো রিকোর বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াতে সম্পূর্ণ প্রস্তুত।