বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

নিবন্ধন: এনসিপিসহ ৮২ দলকে ফের ইসির চিঠি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ১৪৪টি নতুন দল আবেদন করেছে। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনও দলই উত্তীর্ণ না হওয়ায় প্রথম ধাপে ৬২টি নিবন্ধন প্রত্যাশী দলকে ঘাটতি তথ্য পূরণে চিঠি দিয়েছিল ইসি। এবার দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ৮২টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে ইসি।

এ তথ্য নিশ্চিত করে আজ রোববার (২০ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ বলেন, ‘আমরা প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠিয়েছি। আর এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানো শুরু হয়েছে। এক্ষেত্রে সবাইকে আমরা ১৫ দিন সময় দিয়েছি।’

গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনও দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে নিয়মকানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলি সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনও আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনও আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনও দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com