

ঢাকা মহানগর দায়রা জজ আদালত বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতে শুনানি শেষে এ আদেশ ঘোষণা করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জাকির হোসেন বলেন, এই মামলায় ২২ জনের নামে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন বিচারক আমলে নিয়ে তাদের অব্যাহতির আদেশ দেন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক ও শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ।
গত ২ ফেব্রুয়ারি পল্লবী জোনাল টিম ডিবি-মিরপুর বিভাগের উপপরিদর্শক মো. রুহুল আমিন মোর্শেদ আদালতে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পল্টন মডেল থানায় ২০২৩ সালে এই মামলাটি করা হয়েছিল।