রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

খালেদা জিয়াকে আগামীকাল লন্ডন নেওয়া হতে পারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার

মেডিক্যাল বোর্ড নিশ্চিত করলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রবিবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হতে পারে। সাবেক এই প্রধানমন্ত্রীকে নেওয়ার জন্য গতকাল যুক্তরাজ্য থেকে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

এর আগে জানানো হয়েছিল শুক্রবার (গতকাল) খালেদা জিয়া লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে। কিন্তু বিমানের ‘কারিগরি জটিলতায়’ তা সম্ভব না হওয়ায় জার্মানি থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। সবকিছু ঠিক থাকলে আজ শনিবার বিকাল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা।

গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে।

গতরাতে হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে। পরে আরেকটি মাইনর অপারেশনও করা হয়। রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক করবে মেডিক্যাল বোর্ড। সেখানে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসনকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তারা আশা করছেন, আজ শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রবিবার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে।

মির্জা ফখরুল জানান, গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। তবে এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সে কারণে তাঁকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এর মধ্যে দুই বছর তাঁকে নির্জন, পুরনো কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তাঁর রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়েই রয়ে গেছে। বিশেষ করে তাঁর হƒদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটির সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে; যা কয়েক দিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে। তবে চিকিৎসকরা এখনও এই অর্থে আশাবাদী যে, তাঁরা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। ওষুধ কাজ করছে।

গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বরাতে বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, নতুন করে কিছু বলার মতো সিদ্ধান্ত হলে জানানো হবে। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া।

সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হƒদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার শয্যা পাশে পুত্রবধূ জুবাইদা রহমান: এদিকে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল সকালে তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শয্যার পাশে অবস্থান করেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে তিনি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন। আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থানের পর সেখান থেকে ধানমন্ডিতে পৈতৃক বাসভবনে পৌঁছান জুবাইদা রহমান। এর আগে তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। ডা. জুবাইদা রহমান ইমার্জেন্সি লিফট দিয়ে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বরাতে দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

ফেসবুক পেজে মির্জা ফখরুল জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিলে, ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য জানান, কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় দেশটির আমিরের প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে; যা আজ শনিবার বিকাল ৫টায় ঢাকায় অবতরণ করবে। এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে, সেটিও কাতারের, কিন্তু জার্মান কোম্পানির তৈরি। জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না কাতার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com