

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শুরু হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানির শুরুতেই ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্ধারিত প্রথম ১২টি আবেদনের শুনানি শেষ করতে কমিশনের সময় লেগেছে মাত্র ৩২ মিনিট। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এই আপিল নিষ্পত্তি করা হচ্ছে।
শুনানির প্রথম ঘণ্টায় ১২ প্রার্থীর আবেদনের মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন- চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।
অন্যদিকে, কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সময়মতো মনোনয়নপত্র যাচাইয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।