

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন, দল পরিচালনা ও সরকার গঠনসহ সব বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত নিবেন। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, শিগগিরই তারেক রহমানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মতামত আহ্বানের জন্য কিউআর কোড চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে মতামত দিতে পারবেন। ইতোমধ্যে এ উদ্দেশ্যে ‘ম্যাচ মাই পলিসি ডট নেট (www.matchmypolicy.net)’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি।
ম্যাচ মাই পলিসি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসির সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে। এছাড়া ‘Opinion’ অপশনে পলিসি বিষয়ে লিখিত পরামর্শ দেওয়া যাবে।