

রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে আজও রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে এই অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
গতকাল বুধবার এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শিক্ষার্থী নাঈম হাওলাদার। তিনি বলেন, আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি শুরু করা হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল একই দাবিতে রাজধানীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘ সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১২টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, দুপুর সাড়ে ১২টায় মিরপুর রোডের টেকনিক্যাল মোড় এবং দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এসব অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ চালকেরা।পরে বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
২০১৭ সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলছে। এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
সংকট সমাধানের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার উদ্যোগ নেওয়া হলেও প্রথম খসড়া নিয়ে আন্দোলন হয়।
সম্প্রতি পরিমার্জিত খসড়ায় বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ থেকে কার্যক্রম চালাবে।