বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

মায়ের দেখানো পথে তারেক রহমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে বিএনপি। দলটির প্রতিষ্ঠাকালীন রীতির ধারাবাহিকতায় সিলেট থেকেই শুরু হলো প্রচার। মায়ের দেখানো পথে সিলেটে দুই ওলি হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় প্রধান হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করলেন সদ্য দলটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া তারেক রহমান।

বুধবার রাত আটটায় বিমানযোগে সিলেট পৌঁছে তার জন্য নির্ধারিত বাসে চড়ে মাজারে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। মাজার জিয়ারতের পর যান দক্ষিণ সুরমার বিরাইমপুর শ্বশুরবাড়িতে। রাতে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে অবস্থান করেন তারেক রহমান। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে দলের প্রথম নির্বাচনী জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেন জিয়াউর রহমান। সিলেট থেকে প্রচারাভিযান শুরুর রেওয়াজ ধরে রাখেন খালেদা জিয়াও। অংশ নেওয়া সব জাতীয় নির্বাচনে প্রচার শুরুর আগে মাজার জিয়ারত করতেন

বেগম খালেদা জিয়া। সবশেষ ২০১৮ সালের সালের ৫ ফেব্রুয়ারি অনেকটা হঠাৎই মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট সফর করেন তিনি। সড়কপথে সিলেট এসে মাজার জিয়ারত করে সড়কপথেই ঢাকা ফেরেন। সেটি ছিল তার শেষ সিলেট সফর। এর পর কারান্তরীণ হন তিনি।

এদিকে সিলেটের সমাবেশ শেষে সড়কপথে ঢাকা ফিরবেন তারেক রহমানও। সফরসূচি অনুযায়ী, সিলেটে নির্বাচনী সমাবেশ শেষে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক কয়েকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রাত থেকেই মাঠে নেতাকর্মীরা :

বৃহস্পতিবার সকালের সমাবেশকে সামনে রেখে বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন সিলেট ও সুনামগঞ্জের নেতাকর্মীরা।

সুনামগঞ্জ থেকে আসা আখতার হোসেন বলেন, সকালে ঘুম ভাঙতে দেরি হতে পারে। তাই রাতেই আসলাম। তারেক রহমানকে কাছ থেকে দেখব, তার কথা শুনব। এটা অনেক দিনের অপেক্ষা।

সিলেটের জকিগঞ্জ থেকে এসে বুধবার সন্ধায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেন ইকবাল আহমেদ। তিনি বলেন, পুরা একটা নির্বাচনের ভাব এসেছে। নেতাকে কাছ থেকে দেখতে চাই। এ জন্য রাত থেকেই অপেক্ষা।

রাতে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেওয়া নেতাকর্মীদের জন্য খাবার ও শোওয়ার ব্যবস্থা করেন স্থানীয় বিএনপি নেতারা। ছিল সাংস্কৃতিক আয়োজনও।

তারেক রহমানের প্রতিটি সমাবেশই জনসমুদ্রে পরিণত হবে দাবি করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, পুরো সিলেট আজ উচ্ছ্বসিত। তিনি দেশকে নিয়ে তার পরিকল্পনা সবার সামনে উন্মোচন করবেন। সিলেটের সড়ক যোগাযোগের উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও তার কাছ থেকে প্রতিশ্রুতি প্রত্যাশা করে সিলেটবাসী।

মাজার জিয়ারত :

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাসে করে হযরত শাহজালাল (রা.)-এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে হযরত শাহপরান (রা.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা তার সঙ্গে ছিলেন। পুরো পথে প্রিয় নেতাকে দেখতে সড়কের দুপাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। তারেক রহমান বাস থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

২১ বছর পর শ্বশুরবাড়ি :

বুধবার রাতে সিলেটে পৌঁছে মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে নিজ শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। এর আগে সবশেষ ২০০৪ সাল শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। ২১ বছর পর শ্বশুরবাড়িতে গিয়ে স্বজন, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উষ্ণ অর্ভ্যথনা পান তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে সিলেটের মেয়ে জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীও ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহম্মদ আতাউল গণি ওসমানী জুবাইদা রহমানের চাচা।

বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক ভিটায় এখন কিছু আত্মীয়স্বজন থাকেন। বাড়ির জামাইকে বরণ করে নিতে তারা চার দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেন। সেখানে রাতের খাবার খান তারেক রহমান। এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও বাড়ির প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ২১ বছর পর তিনি আবার শ্বশুরবাড়িতে এলেন। এলাকার জামাইকে কাছে পেয়ে সুরমা উপজেলাবাসী খুবই উচ্ছ্বসিত।

এর আগে গতকাল রাতে ঢাকা থেকে বিমানােগে সিলেটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দুপুরে বিএনপির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমীন ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এর পর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকাসংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। মাহ্দী আমীন বলেন, এসব সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আছেন বিএনপি নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

এদিকে, নির্বাচনী প্রচারের শুরুতে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারি প্রথম প্রহরে ঢাকার লেক শোর হোটেলে থিম সং উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ, জকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com