বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

রিশাদ ভক্তদের দুঃসংবাদ, নিলামের আগেই ছেড়ে দিল লাহোর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। আর শিরোপা জয়ের পথে দারুণ ভূমিকা রেখেছিলেন রিশাদ হোসেন। ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া বাংলাদেশের এই লেগ স্পিনার ছিলেন লাহোরের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি। কিন্তু এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি দলটি।

পিএসএলের ইতিহাসে এবার প্রথমবারের মতো ড্রাফটের বদলে নিলাম অনুষ্ঠিত হবে। আগের ১০টি আসরে ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ আট খেলোয়াড় ধরে রাখতে পারত। এবারের নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় ধরে রাখা যাবে। গতকাল লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে ধরে রাখা চার খেলোয়াড়ের নাম প্রকাশ করে— শাহিন আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) ও মোহাম্মদ নাঈম (সিলভার)। ইমার্জিং ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি লাহোর। গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলেন রিশাদ। সিডনি সিক্সার্সের কাছে হেরে তার দল হোবার্ট হারিকেনস ফাইনালে উঠতে না পারলেও বোলিংয়ে ভালো করেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নেওয়া রিশাদ হারিকেনসের এবারের মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি। এবারের আসরে আর কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

পিএসএলে এবারের মৌসুমে নতুন দুটি দল যোগ হবে— হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ। অর্থাৎ ছয় দল থেকে এবার আট দলে পরিণত হবে পিএসএল। ইসলামাবাদ ইউনাইটেড এবার সবার আগে রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশ করে। শাদাব খান (প্লাটিনাম), সালমান এরশাদ (গোল্ড) ও আন্দ্রেস গৌসকে (সিলভার) ধরে রেখেছে তারা। পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক সালমান আগা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে ইসলামাবাদ।

করাচি কিংস ধরে রেখেছে হাসান আলী (প্লাটিনাম), খুশদিল শাহ (গোল্ড), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড) ও সাদ বেগকে (ইমার্জিং)। শান মাসুদ ও আমের জামালকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতবার ফাইনালে খেলা কোয়েটা গ্লাডিয়েটর্স আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নওয়াজ ও শামিল হোসেনকে ধরে রেখেছে। মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চাপম্যান ও খাজা নাফিকে ছেড়ে দিয়েছে দলটি।

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাইম আইয়ুবকে ছেড়ে দিয়েছে পেশোয়ার জালমি। বাবর আজম, সুফিয়ান মুকিম, আবদুল সামাদ ও আলী রেজাকে ধরে রেখেছে তারা। মুলতান সুলতানস তাদের এক্স হ্যান্ডলে কোনো খেলোয়াড় ধরে না রাখার বিষয়টি গতকাল রাতেই জানিয়েছে। নতুন দুটি দলের মধ্যে শিয়ালকোট সই করিয়েছে অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে।

পিএসএলের এবারের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। ২৬ মার্চ থেকে শুরু হবে লিগের নতুন মৌসুম, ৩ মে ফাইনাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com