

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের ।সোমবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এহসান মাহবুব জুবায়ের দাবি করেন, নির্বাচন ঘিরে মাঠে যে অনিয়ম ও ভীতি তৈরি হচ্ছে, তা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গতকাল রাতে। ঢাকা ও নেত্রকোনায়। অথচ প্রশাসন এখনো অপরাধীকে সনাক্তকরণে উদ্যোগ নেওয়ার খবর আসেনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সমতা বিধানে কার্যকর ভূমিকা রাখছেন না। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করেন। বিশেষ কোনো দলের পক্ষে হেলে পড়া থেকে বিরত থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।
অবশ্য দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, সার্বিকভাবে দেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার প্রত্যাশা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য নিজ নিজ বাড়িতে ফিরছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ জানান।