বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিএনপি জোট পেতে পারে ২০৮ আসন, জামায়াত জোট ৪৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার তিনটি সংস্থা পৃথক তিনটি জরিপের ফল প্রকাশ করেছে। এর মধ্যে দুটি জরিপে দেখা গেছে, বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। আর একটি জরিপে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। অন্যদিকে গণভোটের বিষয়ে একটি জরিপ বলছে ৪৯ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি, ৩০ শতাংশ ‘হ্যাঁ’তে ভোট দেবেন এবং ২১ শতাংশ ‘না’ ভোটের পক্ষে।

গতকাল সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) তাদের জরিপের ফলাফল প্রকাশ করে। ইএএসডির ভাষ্য- এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে, সেগুলোর মধ্যে তাদের এই জরিপটিই সবচেয়ে বড় নমুনার জরিপ। সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এ জরিপ বলছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এ ছাড়া জাতীয় পার্টি তিনটি, অন্যান্য দল চারটি ও স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন।

অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) পদ্ধতি অনুসরণ করে জরিপটি পরিচালিত হয়েছে। মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য ‘কোবো টুলবক্স’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়।

শামীম হায়দার তালুকদার আরও জানান, মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার মধ্যে ২৬ হাজার ৫৬০ জন পুরুষ (মোট সংখ্যার ৬৪ শতাংশ) এবং ১৪ হাজার ৯২২ জন নারী (মোট সংখ্যার ৩৬ শতাংশ)। জরিপে ১৮-৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ছিল মোট ৩৭ দশমিক ২ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ থেকে ৫০ বছর বয়সী ৪৫ দশমিক ২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৭ দশমিক ৫ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ দশমিক ৭ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক ৬৮ শতাংশ উত্তরদাতা। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া ১৬ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন।

এই জরিপ প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর।

ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি

গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তাদের করা জরিপের ফল প্রকাশ করে ন্যাশনালিস্ট রিসার্স সেল নামের একটি সংস্থা। জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তুলে ধরা প্রতিবেদনে উল্লেখ করা হয়Ñ ৭৭ শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ বা সমর্থন করে। ১৬ শতাংশ সমর্থন করে জামায়াতে ইসলামীকে। এ ছাড়া ৩ শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ২ শতাংশ মানুষ জাতীয় পার্টিকে সমর্থন করে। অন্য দলগুলোকে সমর্থন করে ১ শতাংশ মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গবেষক আতিকুল ইসলাম পাঠান। সারা দেশে ৩০০ সাধারণ মানুষের ওপর ভিত্তি করে জরিপটি করা হয় বলে সংস্থাটি থেকে জানানো হয়। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, গণভোট, নির্বাচনের পরিবেশ এবং নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশাÑ এ চারটি বিষয়ের ওপর ভিত্তি করে জরিপটি করা হয় বলে সংগঠনটি জানিয়েছে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল আইআইএলডি

গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে তাদের সম্প্রতি করা জরিপের ফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। এতে দেখা গেছে, বিএনপি জোট ৪৪ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াত জোট পেতে পারে ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট। জরিপে দেখা গেছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ ভোটার। আর ৬ দশমিক ৫ শতাংশ ভোটার বলেছেন, তারা কাকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত এখনও নেননি।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের ৬৩ হাজার ১১৫ ভোটারের ওপর জরিপটি চালানো হয়। এর মধ্যে ৩৬ হাজার ৬৩৪ জন পুরুষ, যা জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ দশমিক ৫৯ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে জরিপে অংশ নেওয়া ভোটারের মধ্যে ২৭ দশমিক ৪৮ শতাংশ বা ১৭ হাজার ৪৮১ জনের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।

অনুষ্ঠানে জরিপের ফল উপস্থাপন করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম। তিনি বলেন, গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ দিন এ জরিপ চালানো হয়। আসনগুলোয় প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট নিশ্চিত হওয়ার পর এ জরিপ শুরু করা হয়।

শফিউল আলম জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন এলাকায় জরিপ চালানো হয়েছে। প্রতিটি আসন থেকে পাঁচ-ছয়টি করে ইউনিয়ন ও হোল্ডিং লটারির মাধ্যমে বাছাই করে জরিপ চালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com