মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭ বার

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা থাকবে এবং সেখান থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের চাহিদা মেটাতে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সমুন্নত রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যে সপ্তাহের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বিপিসির আওতাধীন সব বিপণন কোম্পানির প্রধান ডিপোগুলো সচল রেখে তেল সরবরাহের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। বর্তমানে বিদেশ থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে আনা হচ্ছে। ফলে আমদানিকৃত জ্বালানি তেলের প্রবাহ অব্যাহত রয়েছে এবং আমদানির এই প্রক্রিয়াটি নিয়মিত তদারকি করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রত্যক্ষ নির্দেশনায় এই সরবরাহ ব্যবস্থা সচল রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে।

একই সাথে সারাদেশে জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে ডিলারদের কাছে নিয়মিতভাবে তেল পাঠানো হচ্ছে। প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে রেল ওয়াগন এবং ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল প্রেরণের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিপিসির এই নতুন সিদ্ধান্তের ফলে ছুটির দিনেও তেল সরবরাহ সচল থাকবে, যা দেশের পরিবহন খাত এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com