শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ বার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

গতকাল বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের বন্দরগুলোকে ঘিরে রেখেছে, যা বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখার শামিল। একই সঙ্গে ইসরায়েলের সব ফ্রন্টে যুদ্ধোন্মাদ আচরণ পরিস্থিতিকে জটিল করে তুলছে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রকৃত আলোচনার প্রধান বাধা।’

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যা বুধবার শেষ হওয়ার কথা ছিল।

পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জানান, এই সময়সীমা অনির্দিষ্ট এবং নতুন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

লেভিট বলেন, ‘ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধে ট্রাম্প সন্তুষ্ট এবং বর্তমানে কার্ডগুলো ট্রাম্পের হাতেই রয়েছে।’

উল্লেখ্য, সম্ভাব্য নতুন শান্তি আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

এদিকে ইরান জানিয়েছে, তারা ২টি কার্গো জাহাজ জব্দ করেছে।

এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা দাবি করেছে, জাহাজগুলো অনুমোদন ছাড়া চলাচল করছিল। বারবার নিয়ম লঙ্ঘন করছিল এবং গোপনে প্রণালি ছাড়ার চেষ্টা করছিল।

প্রসঙ্গত, এর আগে ৩টি জাহাজে হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে নোঙর করেছে বলে মেরিনট্রাফিকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে।

সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, জাহাজটি ইরানের পশ্চিমে আট নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

হোয়াইট হাউস জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ জব্দকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে না, কারণ জাহাজগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com