

তীব্র গরমের পর অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। অনেক এলাকায় হয়েছে শিলাবৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ছিল। সোয়া ৫ টার পর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় দমকা হাওয়া আর বৃষ্টি। বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যাওয়ায় পথচারীরা দুর্ভোগে পড়েন।
মোহাম্মদপুর, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, গ্রিনরোড, পান্থপথ, শুক্রবাদ, কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের প্রায় সব এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মধ্যে কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হয়েছে।
ঢাকাসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিলো্ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ৩ বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।