

বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় যোগ দিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন। এদিন সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বাসযোগে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা হন।
বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে ফিরে দুপুর সোয়া একটায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুই শ বছরের প্রাচীন ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
এর পর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বেলা সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।