

যুক্তরাষ্ট্রের কোনো চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধের পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানকেই সবচেয়ে ‘বুদ্ধিদীপ্ত’ ও যুক্তিসঙ্গত পথ বলে মনে করছে দেশটি। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কবার্তা দিয়ে বলেছেন, চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। তবে তিনি এটিও উল্লেখ করেছেন যে, চলমান সংকট নিরসনে কূটনৈতিক আলোচনার সব পথ এখনো খোলা রয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চরম উত্তেজনা থাকলেও পর্দার আড়ালে আলোচনার চ্যানেলগুলো এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক দিক থেকেও নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। সম্ভাব্য মার্কিন হামলার হুমকির মুখে দেশি প্রযুক্তিতে তৈরি অত্যন্ত আধুনিক ও উন্নত অস্ত্রের মজুদ রয়েছে বলে দাবি করেছে তেহরান।