বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দুই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭ বার

সীমিত ওভারের (সাদা বল) ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সোমবার (২৫ মে) তিন সংস্করণের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কানদের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস।

এর আগে ১৭টি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেন্ডিসের। নতুন এই দায়িত্বে তিনি ওয়ানডেতে চারিথ আসালাঙ্কা এবং টি-টোয়েন্টিতে দাসুন শানাকার স্থলাভিষিক্ত হলেন।

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর লঙ্কান দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ-হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল মিস করেছিলেন। তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টির উভয় স্কোয়াডেই রাখা হয়েছে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বল করা পেসার ইশান মালিঙ্গাও কাঁধের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করা এই তরুণকে সাদা বলের দুই ফরম্যাটেই রাখা হয়েছে। এছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলে ফেরা পেসার দুষ্মন্ত চামিরাও ওয়ানডে দলে ফিরেছেন।

এদিকে টেস্ট দলে ফেরানো হয়েছে উইকেটকিপার-ব্যাটার নিশান মাদুশকা ও অলরাউন্ডার রমেশ মেন্ডিসকে। ইনজুরি কাটিয়ে টেস্ট স্কোয়াডে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার লাহিরু কুমারাও। টি-টোয়েন্টি দলে চমক হিসেবে ডাক পেয়েছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন। সংক্ষিপ্ত সংস্করণের এই দলে আরও আছেন পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা দল ৩ থেকে ৮ জুন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলবে। এরপর ১২, ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে ২৫ জুন থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সফরটি সফল করতে মঙ্গলবার (২৬ মে) ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাতুম নিশঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দীনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, সনাল দিনুশা, কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আশিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইশিথা বিজেসুন্দারা ও কাসুন রাজিথা।

ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাতুম নিশঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, আশিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

টি-টোয়েন্টি স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাতুম নিশঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রসপুল্লে, পবন রত্নায়েকে, দাসুন শানাকা, মিলান রত্নায়েকে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com