

পেশাদার ফুটবলের সুদীর্ঘ ক্যারিয়ারকে আর লম্বা করতে চাচ্ছেন না জেমস মিলনার। তাই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া এই মিডফিল্ডার।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মিলনার।
‘প্রিমিয়ার লিগে ২৪টি মৌসুম কাটানোর পর, আমার খেলোয়াড়ি জীবনের ইতি টানার এটাই সঠিক সময় বলে মনে হচ্ছে। শৈশব থেকে সমর্থন করে আসা লিডসের হয়ে ১৬ বছর বয়সে অভিষেক হওয়া এবং প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়া থেকে শুরু করে যে পথ আমি পাড়ি দিয়েছি, তা কখনও কল্পনাও করিনি। এমনকি গত বছর যখন পা-ই তুলতে পারছিলাম না, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৪০ বছর বয়সে এসে ব্রাইটনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার অংশ হতে পেরেছি।’
গত তিন মৌসুম ধরে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলছেন ৪০ বছর বয়সী মিলনার। অষ্টম স্থানে থেকে এবারের লিগ মৌসুম শেষ করেছে দলটি। আগামী মৌসুমের উয়েফা কনফারেন্স লিগে খেলবে তারা। গত ফ্রেব্রুয়ারিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নেমেই প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেন মিলনার। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ক্যারিয়ার শেষ করলেন ৬৫৮টি লিগ ম্যাচ খেলে। ৬০০-এর বেশি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলা স্রেফ চার ফুটবলারের একজন মিলনার। তালিকায় দ্বিতীয় স্থানে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, এভারটন এবং ওয়েস্ট ব্রমের হয়ে মোট ৬৫৩ ম্যাচ খেলা গ্যারেথ ব্যারি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রায়ান গিগস খেলেছেন ৬৩২ ম্যাচ। আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড মোট খেলেছেন ৬০৯ ম্যাচ। ৬০০ ম্যাচ খেলার কীর্তি নেই কোনো গোলরক্ষকের। লিভারপুল, ভিলা, ওয়েস্ট হ্যাম, সিটি এবং পোর্টসমাউথের সাবেক গোলরক্ষক ডেভিড জেমস ৫৭২ ম্যাচ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
১৬ বছর বয়সে লিডসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মিলনার। সেখানে ১৬ বছর ৩৫৬ দিন বয়সে গোল করে ওই সময়ের প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। লিডসের হয়ে ৪৮ লিগ ম্যাচ খেলা এই ফুটবলার, পরে নিউক্যাসল জার্সিতে ৯৪ ও ভিলার হয়ে ১০০ ম্যাচ খেলেন। ক্যারিয়ারের সবচেয়ে সফলতম সময় কাটান তিনি সিটিতে। ম্যানচেস্টারের ক্লাবটিতে পাঁচ মৌসুমে ১৪৭ লিগ ম্যাচ খেলে দুটি প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পান। আর মিলনারের ক্যারিয়ারের দীর্ঘতম সময় কাটেন লিভারপুলে। সেখানে আট মৌসুমে ২৩০ লিগ ম্যাচ খেলে একবার প্রিমিয়ার লিগ জেতেন। আর ব্রাইটনের প্রতিনিধিত্ব করেন ৩৯টি লিগ ম্যাচে। এ ছাড়া দুটি করে এফএ কাপ, লিগ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান মিলনার। প্রিমিয়ার লিগে সবমিলিয়ে ৫৬ গোল করেন মিলনার। সঙ্গে ৯০টি অ্যাসিস্ট করেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিসট করাদের তালিকায় দশম স্থানে আছেন তিনি।