শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

কাঁটাবনে আইনজীবীদের চেম্বারে আগুন, ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯ বার

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে আইনজীবীদের চেম্বারে আগুন লেগে আব্দুস সালাম (২০) ও জনি (২৪) নামে দুজন পিয়নের মৃত্যু হয়েছে। এ সময় লাখ লাখ টাকার মূল্যবান বই ও কাগজপত্র পুড়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের ঘটনাটি ঘটে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, চেম্বারটি ছিল সাবেক উপদেষ্টা হাসান আরিফের। তিনি মারা যাওয়ার পর তার ছেলে ব্যারিস্টার মোয়াজ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান ওই চেম্বারটি ব্যবহার করতেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত দুজনই ওই চেম্বারের ভেতরে ছিলেন। আগুন লাগার পর তারা সেখানকার একটি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদেরকে বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়।

দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই মো. শাহিন। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদনে পাওয়ার পর বলা যাবে।

মৃত আব্দুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার গ্রামের মোহাম্মদ সেলিম ও রেহেনা বিবির সন্তান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান সাহেবের পিয়ন ছিলেন।

অপরদিকে জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা মৃত হাসান আরিফ সাহেবের ছেলে ব্যারিস্টার মোয়াজ সাহেবের পিয়ন ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com