বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬ বার

দুদিনে ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৬টি শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে বড় রদবদল এনেছে সরকার। নতুন নিয়োগ পাওয়া পদের মধ্যে রয়েছে সাত উপাচার্য (ভিসি), ১১ উপউপাচার্য (প্রো-ভিসি) এবং আটজন কোষাধ্যক্ষ (ট্রেজারার)। নিয়োগের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে নিয়োগপ্রাপ্তদের একাডেমিক পটভূমিতে বিজ্ঞান, প্রকৌশল ও কৃষিবিজ্ঞান সংশ্লিষ্ট শিক্ষকদেরই প্রাধান্য দেখা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গল ও বুধবার আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য

নিয়োগের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানকার পাঁচ শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খালেদ উজ্জামান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবদুস সোবাহান এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আতাউর রহমান।

এর পরেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির চার শিক্ষক নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. সালমা বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

এদিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে শিক্ষক নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞান ও কৃষি অনুষদের আধিক্য
নিয়োগ পাওয়া শিক্ষকদের বিভাগ ও অনুষদ বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় দুই-তৃতীয়াংশই বিজ্ঞান, প্রকৌশল, কৃষি ও প্রযুক্তি ঘরানার শিক্ষক। যন্ত্রকৌশল, পুরকৌশল, প্রাণিবিদ্যা, ফুড ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকাবিজ্ঞান, কীটতত্ত্ব, কৃষি সম্প্রসারণ, অ্যাগ্রিবিজনেস, সমুদ্রবিজ্ঞান, ফিশারিজ, জীববিজ্ঞানসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক বিভাগের ১৭ শিক্ষক নতুন দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে নিয়োগ পেয়েছেন পাঁচজন। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে নিয়োগ পেয়েছেন তিন শিক্ষক।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়েও নতুন উপাচার্য 
এই নিয়োগ প্রক্রিয়ায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিন মাস আগেই নিয়োগ
আগামী নভেম্বরে অবসরে যাবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটোয়ারী। চাকরির বয়স তিন মাস বাকি থাকলেও তাঁকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com