

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যদিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেডেরিক ইনজা।
বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিয়ে ফ্রান্স দূতাবাস ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এক বার্তায় দূতাবাস বলেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর বাংলাদেশের সফল রাজনৈতিক উত্তরণের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানায় ফ্রান্স।
ফ্রান্স আরও জানিয়েছে, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।