

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবিপ্রধান তামিম ইকবাল। তার মতে, এই সাফল্য শুধু মাঠের অর্জন নয়, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি টেস্ট সিরিজ আয়োজনের আলোচনায় এই জয়কে কাজে লাগাতে চান তিনি।
রবিবার বিকালে মিরপুরে তামিম বলেন, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে ২৩ বছর পর গিয়ে বাংলাদেশের এমন জয় অসাধারণ অর্জন। এই সাফল্যের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক ও কোচিং স্টাফÑ সবাইকে তিনি সমানভাবে কৃতিত্ব দিয়েছেন।
তামিম বলেন, ‘অবশ্যই আমার কাছে মনে হয় এটি একটি অসাধারণ জয়, অসাধারণ অর্জন। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য খেলা অনেক কঠিন। ২৩ বছর পর ওখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব ১০০০ শতাংশ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক সবাইকে কৃতিত্ব দিতে হয়।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটিকে সম্ভবত সবচেয়ে বড় জয় হিসেবেও উল্লেখ করেন বিসিবিপ্রধান। তার ভাষায়, ‘বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সম্ভবত এটি সবচেয়ে বড় জয়। আমরা সবাই এই অর্জনে সমানভাবে খুশি। আমি অত্যন্ত গর্বিত।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পেছনে বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির কথাও আলাদাভাবে তুলে ধরেন তামিম। সাবেক পেস বোলিং কোচ শন টেইটের কাজের ধারাবাহিকতা ধরে স্থানীয় কোচ তালহা জুবায়ের ভালো করেছেন বলে প্রশংসা করেন তিনি।
তামিম বলেন, ‘শন টেইট খুব ভালো কাজ করেছেন। তিনি চলে যাওয়ার পর আমরা স্থানীয় কোচ তালহা জুবায়েরকে দায়িত্ব দিই। তিনি শন টেইটের রেখে যাওয়া মান ধরে রেখেছেন এবং ভালো করছেন। তার প্রশংসা করা উচিত।’
অস্ট্রেলিয়া জয় বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও বাড়িয়েছে। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশ বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে। সামনে আরও সাতটি টেস্ট রয়েছে। তবে তামিমের কাছে এখনই ফাইনালের হিসাবনিকাশের চেয়ে দলের ধারাবাহিকতা ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘গাণিতিকভাবে এটি সম্ভব। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো তারা এখন যে ধরনের ক্রিকেট খেলছে সেটি বজায় রাখা। তারা যেভাবে খেলছে তাতে যে কোনো কিছু সম্ভব।’
আগামী মাসে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি টেস্ট সিরিজ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে কাজে লাগাতে চান তামিম।
তিনি বলেন, ‘আগামী মাসে এফটিপি মিটিং হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে কনভিন্স করে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর সঙ্গে খেলার চেষ্টা করব।’
অর্থাৎ, ডারউইনের ঐতিহাসিক জয় শুধু একটি ম্যাচের ফল নয়Ñ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সূচিতে নিজেদের অবস্থান আরও শক্ত করার হাতিয়ার হিসেবেও এটিকে দেখতে চাইছে বিসিবি।