

সিলেটের সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসে আছেন শ্রমজীবীরা। তাদের সামনে খাবার পরিবেশনে ব্যস্ত একদল তরুণ-তরুণী। কার কী লাগবে সেটা নিয়েই তাদের যেন ব্যস্ততার শেষ নেই। খাবার শেষে যখন টেবিল থেকে উঠছেন তখন শ্রমজীবী মানুষের মুখে তৃপ্তির ঢেকুর। প্রচণ্ড গরম আর ক্ষুধার্ত পেটে যেন তারা পেয়েছেন অপার প্রশান্তি। ভরপেট এ খাবার খেতে তাদের খরচ হয়েছে মাত্র দুই টাকা। আর দুই টাকার এ খাবারের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’। গতকাল সুরমার উত্তরপাড়ে কিন ব্রিজের নিচে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। দুই ধাপে দুপুরের খাবার খান শত শত শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে ভরপেট খাবার পেয়ে খুশি শ্রমজীবীরা। অন্য সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় লোকজনের অন্তত একবেলা খাবার নিয়ে ভাবতে হবে না বলে মন্তব্য তাদের। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তাদীর কামালী দুর্জয় জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে তারা ‘নিঃস্বার্থ পরিবার’র পক্ষ থেকে সমাজসেবামূলক কাজ করে আসছেন। শুরুতে তারা সুবিধাবঞ্চিত শিশুদের দুই টাকায় ঈদ ও শীতের কাপড় দিতেন। গত কয়েক মাসে দুই টাকায় দুপুরের খাবার খাওয়াচ্ছেন। বর্তমানে মাসে একবার খাওয়ানো হচ্ছে। হৃদয়বানদের সহযোগিতা পেলে প্রতিদিন এ খাবারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে সংগঠনের।