

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের (পিআইএমএস) স্ত্রীরোগ ওয়ার্ডে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুন লাগে।
ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতির বরাতে সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের মুখপাত্র আনিজা জলিল সংবাদমাধ্যম ডনকে জানান, ওই ওয়ার্ডে ১৬ জন শিশু ছিল।
ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ প্রশাসন।
স্ত্রীরোগ ওয়ার্ডে ভর্তি থাকা এক নারীর স্বজন জানান, যে ভবনে নার্সারি বিভাগ রাখা হয়েছিল, সেখানে সংস্কার ও মেরামতের কাজ চলছিল-এটি অত্যন্ত দুঃখজনক।
আগুন লাগার পর রোগীদের ভবন খালি করতে বলা হয়। সদ্য সন্তান জন্ম দেওয়া নারীদের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে হয়েছে, যোগ করেন তিনি।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এটি রাজধানীর সবচেয়ে পুরোনো দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একটি। হাসপাতালটি কয়েকটি আলাদা হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গঠিত।