

শরিফুল রাজ ও সাবিলা নূর আবার এক ফ্রেমে। কোনো নাটক বা ওয়েব কনটেন্টে নয়, পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখালেন এই জুটি। ছবির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। রহস্য ও রোমাঞ্চে ঘেরা ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়। বিষয়টি নিশ্চিত করেন শরিফুল রাজ। তিনি জানান, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’ বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় নিবেদন। নতুন এই সিনেমা পরিচালনা করবেন তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকার। সিনেমার গল্প রোমান্টিক ধারার বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপড়েন নিয়ে সাজানো হয়েছে। প্রধান দুই চরিত্র ফুটিয়ে তোলার জন্য রাজ ও সাবিলাকে একদমই ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন।