

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এমন দাবি মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, গত মাসে জাহাজটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অচল হয়ে পড়ে। এরপর চলতি সপ্তাহান্তে ওমানের উপকূলের জলসীমায় অবস্থানরত জাহাজটিতে আবারও ড্রোন হামলা চালায় ইরান।
এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালিতে চলাচলের সময় ‘এল গাইয়া’ একটি নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে সেন্টকমের বক্তব্য অনুযায়ী, জাহাজটির ক্ষয়ক্ষতির কারণ মাইন নয়; বরং প্রথমে ইরানি ক্ষেপণাস্ত্র এবং পরে ড্রোন হামলা।
সেন্টকম আরও জানিয়েছে, বর্তমানে একটি আঞ্চলিক অংশীদার দেশ জাহাজটিকে টেনে নিয়ে যাচ্ছে।
সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরান যে ‘মিথ্যা দাবি ও ভয় দেখানোর চেষ্টা’ চালাচ্ছে, আইআরজিসির এই বক্তব্য তার আরেকটি উদাহরণ।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা ও নিরাপত্তাঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।