শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কর্মসূচিতে ঠাসা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

পাঁচ দিনের সফরে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে ভাষণ দিয়ে ২৫ সেপ্টেম্বর রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা তার। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়েছে; বাতিল হয়েছে নিউইয়র্ক থেকে সানফ্রান্সিসকো যাওয়ার কর্মসূচিও। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সভাও বাতিল হয়েছে বলে জানা গেছে। তবে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপির নেতা-কর্মীদের সাক্ষাৎ দেবেন বলে জানা গেছে। ফলে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতেই ঢাকার

উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে তার। সরকারি সূত্রগুলো বলছে, এবারের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট রাখা হয়েছে। অতীতের বড় প্রতিনিধি দলের পরিবর্তে সীমিতসংখ্যক প্রতিনিধি নিয়ে জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ব্যয়সংযম ও কৃচ্ছ্রসাধনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নিউইয়র্কে অবস্থানকালে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের উন্নয়ন, মহামারী প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৪ সেপ্টেম্বরের ভাষণে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ও গণতান্ত্রিক রূপান্তরের পাশাপাশি ‘বাংলাদেশ প্রথম’ পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক পুনর্গঠন, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থ পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরত আনা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, নারী ও শিশুর সুরক্ষা, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, বিশ্বশান্তি, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার প্রস্তুতি রয়েছে। ফলে সফর পাঁচ দিনের হলেও রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক নানা বার্তা নিয়ে এবারের জাতিসংঘ মিশনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকা।

একই সঙ্গে এবারের নিউইয়র্ক সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। সম্ভাব্য দ্বির্পক্ষীয় বৈঠকের তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদের নাম রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জন্য এবারের অধিবেশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে আরও একটি বিরল কারণে— প্রধানমন্ত্রী যখন বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সামনে বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা, গণতান্ত্রিক রূপান্তর, জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন, তখন একই অধিবেশনের সভাপতির আসনে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অর্থাৎ একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পরিচালনা করবেন বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিত্বকারী জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম। তিনি গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে— ‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের ভাষণও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার আলোকে সাজানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন রাজনৈতিক যাত্রা, অর্থনৈতিক পুনর্গঠন, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক শান্তি এবং বহুপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো বক্তব্যে গুরুত্ব পেতে পারে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইতোমধ্যে বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের নেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বিষয়টিও তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্টরা। সরকারের পররাষ্ট্রনীতির ‘বাংলাদেশ প্রথম’ অগ্রাধিকারের বিষয়টিও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পেতে পারে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগকে সামনে রেখে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় দেশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

অর্থনৈতিক কূটনীতিও এবারের সফরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং ব্যবসা পরিচালনা সহজ করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরার প্রস্তুতি রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে সম্পৃক্ত করা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার বিষয়েও প্রধানমন্ত্রী আলোচনা করতে পারেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরত আনার বিষয়টিও জাতিসংঘে বাংলাদেশের বক্তব্যে গুরুত্ব পেতে পারে। অর্থ পাচার প্রতিরোধ, অবৈধভাবে বিদেশে স্থানান্তরিত সম্পদ পুনরুদ্ধার এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরতে পারে বাংলাদেশ। এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচারও প্রধানমন্ত্রীর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। বিশেষ করে নারী ও শিশুসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হতে পারে। বাংলাদেশের পরিবেশবান্ধব পাটপণ্যের সম্ভাবনা, বৃক্ষরোপণ, জলাধার ও খাল পুনরুদ্ধারের মতো পরিবেশগত উদ্যোগও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রস্তুতি রয়েছে। তবে রোহিঙ্গা সংকটই এবারের সফরে বাংলাদেশের অন্যতম প্রধান কূটনৈতিক অগ্রাধিকার। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মূল বক্তা হিসেবে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করা এবং মিয়ানমারের সংকটের মূল কারণ মোকাবিলায় আন্তর্জাতিক চাপ বাড়ানো। রোহিঙ্গা সংকটের সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থার ভূমিকাও এবারের আলোচনায় গুরুত্বপূর্ণ হতে পারে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন বারহাম সালিহ। তিনি ২০২৫ সালের ১৮ ডিসেম্বর নির্বাচিত হয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলে রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক সহায়তা ও শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হতে পারে।

বিশ্বশান্তি, সংঘাত নিরসন এবং বহুপক্ষীয় ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকা ও সংঘাতের রাজনৈতিক-কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা এ ক্ষেত্রে গুরুত্ব পেতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতির ঘোষিত কর্মসূচির সঙ্গেও এসব বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

এদিকে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ, কানাডার প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠক অনেক সময় শেষ মুহূর্তে নির্ধারিত হওয়ায় তালিকায় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব গুতেরেস, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি রয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক রূপান্তর, উন্নয়ন, জলবায়ু, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় উঠে আসতে পারে। জাতিসংঘের বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে তারেক রহমান অংশ নেবেন বলে সূত্র জানিয়েছে। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা রয়েছে। তবে নিউইয়র্কে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ ধরনের বৈঠকের বিষয়টি শেষ মুহূর্তের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে এখানকার বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন বলেন, এই সফর শুধু জাতিসংঘের আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; প্রবাসীদের সঙ্গে যোগাযোগও বিশেষ গুরুত্ব পাবে। তিনি জানান, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ২১ সেপ্টেম্বর বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিমানবন্দরে যাব। ইতোমধ্যে সে অনুমতি নেওয়া হয়েছে। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে হাজার হাজার নেতা-র্মী জড়ো হবেন।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, তারেক রহমানের সফরকে সামনে রেখে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি চলছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে বৈঠক করে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে তিনি নতুন বাংলাদেশের বার্তা দেবেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন। প্রবাসীদের নিয়ে একটি নাগরিক সভা আয়োজনে আমাদের প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল হয়েছে। তবে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ দেবেন।

ফ্লোরিডা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার বলেন, আমরা যারা প্রবাসী আছি তারা দেশের উন্নয়নে অংশীদার হতে চাই। আমাদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করতে চাই। প্রত্যাশা করব, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এদিকে দলীয় সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সামনে বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com