শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :

আজ বিজয়া দশমী, দুর্গোৎসবে বিদায়ের আবহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে রাজধানী ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হবে।

হিন্দু শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এ পূজা করেছিলেন। মহানবমীতে নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এদিন শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর আরাধনা করা হয়। নীল অপরাজিতা ফুল ছিল নবমী পূজার বিশেষ অনুষঙ্গ। এ ছাড়া ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার উদ্দেশে আহুতি দেওয়া হয়।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা ছয় দিনের আনন্দ-উৎসব শেষে আজ দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনীর আরাধনা শেষে দেবী দুর্গা কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন।

মহানবমীতে রাজধানীর বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নামে।

রাজধানীর কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, ধর্মীয় রীতি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকেই মণ্ডপগুলোতে মানুষের আনাগোনা শুরু হয়, যা বিকেলে ভিড়ে রূপ নেয়। পূজা দেখা শেষে অনেকে মণ্ডপের বাইরের অস্থায়ী দোকান থেকে বাহারি খাবার ও বিভিন্ন জিনিসপত্র কিনে বাড়ি ফেরেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। পূজামণ্ডপের সামনে তৈরি করা হয় আকর্ষণীয় তোরণ। বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।

বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়িয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে বর্ধিত ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাচ্ছে। টানা এই ছুটি উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com