

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয় এবং টেক্সাসে তিন দশকের বেশি সময় পর প্রথমবারের মতো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হওয়ার ঘটনায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
নির্বাচনে সরাসরি প্রার্থী না হলেও রিপাবলিকানদের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করে রাজনৈতিকভাবে বড় ধরনের ঝুঁকি নিয়েছিলেন তিনি। কিন্তু সেই বিনিয়োগ প্রত্যাশিত ফল আনতে পারেনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং সম্ভাব্য চিপ উৎপাদন উদ্যোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র টেক্সাসেও ডেমোক্র্যাটদের জয় তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি টেক্সাসের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ অ্যাবটকে হারিয়েছেন জিনা হিনোজোসা। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্কের রাজনৈতিক অবস্থানও চাপে পড়েছে।
নির্বাচনের দিনও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুসারীদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। কিন্তু ফলাফল তার প্রত্যাশার বিপরীত হয়েছে। কয়েক বছর ধরে ডেমোক্র্যাটদের সঙ্গে বিরোধে জড়ানো এই ধনকুবের এখন শক্তিশালী হয়ে ওঠা ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি।
গত মাসে এক প্রতিবেদনে বলা হয়েছিল, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিতে পারেন। এর জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
নির্বাচনের পর শেয়ারবাজারেও চাপের মুখে পড়েছে মাস্কের প্রতিষ্ঠানগুলো। স্পেসএক্সের শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে। উভয় প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন সামগ্রিক বাজারের তুলনায় বেশি ছিল।
ডেটা সেন্টার সম্প্রসারণে বাধার আশঙ্কা
মাস্কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে স্পেসএক্সের ডেটা সেন্টার সম্প্রসারণ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসা বাড়াতে বিপুল সক্ষমতার ডেটা সেন্টার প্রয়োজন। কিন্তু ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস এ ধরনের প্রকল্পের অনুমোদন ও নির্মাণপ্রক্রিয়ায় আরও কঠোর নজরদারি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
বিশেষ করে ডেটা সেন্টারের কারণে বিদ্যুতের ব্যয় বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর বিরোধিতার বিষয়গুলো সামনে আসায় নতুন প্রকল্পের ওপর সাময়িক নিষেধাজ্ঞার দাবিও জোরালো হতে পারে।
লংবো অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী জেক ডলারহাইড বলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় জয় প্রযুক্তি খাতের ওপর চাপ বাড়াতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে দ্রুত সম্প্রসারণের গতি কমে যেতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে রিপাবলিকানদের জন্য মাস্ক ছিলেন বড় ভরসা। কিন্তু তাঁর বিপুল অর্থায়নও বিদ্যুৎ বিল, নিত্যপণ্যের দাম ও জ্বালানির উচ্চমূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ কাটিয়ে উঠতে পারেনি।
এ ছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থায় বিধিনিষেধ, সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিইতে দায়িত্ব পালনের সময় বিপুলসংখ্যক সরকারি কর্মী ছাঁটাই এবং মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি চুক্তি ও ভর্তুকি নিয়েও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন তিনি।
নতুন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির চেয়ারম্যান হতে যাওয়া ডেমোক্র্যাট আইনপ্রণেতা রবার্ট গার্সিয়া মঙ্গলবার রাতে রিপাবলিকান ও তাঁদের মিত্রদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তা দেন ‘আইনজীবী ঠিক করুন।’
টেক্সাসেও নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ
টেক্সাসে নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসার সঙ্গে মাস্কের সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। গভর্নর নির্বাচিত হওয়ার আগে অ্যাবট ও মাস্কের মধ্যকার ই-মেইল সংগ্রহের জন্য মামলা করেছিলেন হিনোজোসা। তার অভিযোগ ছিল, অ্যাবট মাস্ককে বিশেষ সুবিধা দিতে গিয়ে টেক্সাসের স্বার্থ বিকিয়ে দিয়েছেন।
ডেটা সেন্টার নির্মাণ নিয়েও অ্যাবটের সঙ্গে মতবিরোধ ছিল হিনোজোসার। নতুন গভর্নরের মতে, স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় আইন শক্তিশালী না করা পর্যন্ত নতুন ডেটা সেন্টার প্রকল্পের অনুমোদন বন্ধ রাখা উচিত। পাশাপাশি এসব প্রকল্পে দেওয়া করছাড়ও বাতিলের পক্ষে তিনি।
টেক্সাসে নতুন রাজনৈতিক বাস্তবতায় মাস্কের আরেকটি চ্যালেঞ্জ হতে পারেন নবনির্বাচিত মার্কিন সিনেটর জেমস তালারিকো। রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থন দিতে মাস্ক নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেছিলেন।
এদিকে টেক্সাসের উপকূলীয় একটি স্টেট পার্ক স্পেসএক্সের কাছে বিক্রির সম্ভাবনা নিয়েও বিরোধ রয়েছে। এ ধরনের বিক্রির বিরোধিতা করেছেন হিনোজোসা। গত মাসে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, টেক্সাস বিক্রির জন্য নয়।’
মহাকাশে ডেটা সেন্টার বসানোর পরিকল্পনা
নতুন পরিস্থিতিতে মাস্কও ডেটা সেন্টার নিয়ে নিজের পরিকল্পনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, ‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ স্পেসএক্সের কক্ষপথে ডেটা সেন্টার স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেন। তবে শীতলীকরণ ও মেরামতের মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনো বড় বাধা।
বর্তমানে স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার মূল ভিত্তি মেমফিসের কাছে অবস্থিত কলোসাস ও কলোসাস-২ নামের দুটি বিশাল ডেটা সেন্টার। অ্যানথ্রোপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এসব কেন্দ্রের কম্পিউটিং সক্ষমতা ভাড়া দিয়ে আয় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে স্পেসএক্স প্রথমবারের মতো মুনাফার মুখও দেখেছে।
সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারের সক্ষমতা ছিল ১ দশমিক ৭ গিগাওয়াট। চলতি বছরের শেষ নাগাদ তা বাড়িয়ে ৩ গিগাওয়াট এবং আগামী বছর ১৩ গিগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু রাজনৈতিক ও নিয়ন্ত্রক জটিলতায় এসব প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে মাস্কের উচ্চাভিলাষী আয়ের লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণের ব্যয় বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় বিপুল বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও বাড়ছে। ফলে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি ব্যবসায়িক চাপও সামলাতে হতে পারে মাস্ককে।
নির্বাচনের পর রিপাবলিকানদের প্রতি ভোট দেওয়ার আহ্বানসংবলিত নিজের পোস্টটিও এক্স থেকে সরিয়ে নিয়েছেন মাস্ক। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ফল তার রাজনৈতিক প্রভাব, টেক্সাসে ব্যবসায়িক স্বার্থ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সম্প্রসারণ পরিকল্পনার সামনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।