রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূলের সময় এসেছে: নেতানিয়াহু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

ইরান আবারও পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে অভিযোগ করে দেশটির হুমকি ‘চিরতরে’ নির্মূলের আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসকগোষ্ঠী আবারও তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করতে দ্বিধা করেনি যে সরকার, তারা ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না।

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে এবং দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারলেই ইরান এমন পদক্ষেপ নিতে পারে।

এর আগে বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। তার দাবি, ওই বৈঠক জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও জোরালো করেছে।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের মিত্ররা পার্লামেন্ট নেসেটে ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে তা কম। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি ও তাদের মিত্ররা পেয়েছে ৪৮টি আসন। আর আরব জোটের দখলে গেছে ১৯টি আসন।

নেতানিয়াহু প্রশ্ন তোলেন, আইজেনকোট কেন আরব জোটের সঙ্গে মিলে একটি ‘ভঙ্গুর ও বিপজ্জনক’ সরকার গঠনের পথে যেতে পারেন। আরব দলগুলোকে তিনি আবারও ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে আখ্যা দেন। এর আগে এসব দলের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করে ফল চুরির অভিযোগও তুলেছিলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইরানের অস্তিত্বগত হুমকি চিরতরে দূর করতে হবে। তার মতে, সীমিত সংখ্যাগরিষ্ঠতার সরকার কিংবা সন্ত্রাসবাদের সমর্থকদের ওপর নির্ভরশীল কোনো সরকার এ লক্ষ্য অর্জন করতে পারবে না। তবে জাতীয় ঐক্যের সরকার তা করতে সক্ষম হবে এবং বহু বছরের জন্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

সূত্র : সিবিএস নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com