

রাজধানী ঢাকায় রাতে বিভিন্ন স্থানে একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেছন দিক থেকে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এর পর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানান বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন।
পরে রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুরের চিড়িয়াখানার রোডেও বাসে আগুন দিয়েছে তারা।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর কোতোয়ালি এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এতে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
যাত্রাবাড়ীতে রাত ৮টা ৪০ মিনিটের দিকে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।
মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে ডিসি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাজধানীর আদাবরের শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের কোনায় একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে সেটি ঘিরে রাখে পুলিশ। এ ছাড়া মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং গেঞ্জির পোড়া অংশ পাওয়া যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ও দায়িত্বরত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। এ ছাড়া ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।