বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

গাজীপুরে ৮ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার

গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩৯ টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকালে কয়েকটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন গাজীপুরের গাছা ও বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আটটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে গাজীপুর শিল্পাঞ্চলে ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাতে অনেক কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শ্রমিকদের কারখানা বন্ধের নোটিশ জানিয়ে দেন। এ ছাড়া কারখানা ফটকেও বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে মহাসড়কের বিভিন্ন স্থানে ও কারখানা এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা কাজ করছেন। এ ছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। সকাল থেকে ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাছা ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার মোতায়েন রয়েছে। জেলার সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। তবে গতকাল পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯টি কারখানা বন্ধ রয়েছে বলে জানান গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com