বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার

চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানসহ অন্তত ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

হোয়াইট হাউসের ‘সেকশন ৩০১’ তদন্তের পরিপ্রেক্ষিতে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত মার্চে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এই তদন্ত শুরু হয়।

ট্রাম্প তার প্রেসিডেন্সির অন্যতম প্রধান নীতি হিসেবে শুল্ক আরোপকে তুলে ধরেছেন। তার যুক্তি, আমদানি পণ্যের ওপর বাড়তি কর আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত শক্তিশালী হবে এবং কর্মসংস্থান বাড়বে।

২০২৫ সালের এপ্রিলে হোয়াইট হাউসে ফেরার কিছুদিন পরই বিশ্বের বিভিন্ন বাণিজ্য অংশীদারের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন ট্রাম্প। পরে আদালতের রায়ে ওই শুল্ক বাতিল হলেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তখন দাবি করেছিলেন, বিদেশি দেশগুলোর অতিরিক্ত উৎপাদন মার্কিন উৎপাদনশিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিনিয়োগ নিরুৎসাহিত করছে।

নতুন পরিকল্পনায় দেশভেদে শুল্কের হার ভিন্ন হতে পারে। ট্রাম্পের সঙ্গে আগে যেসব বাণিজ্য চুক্তি হয়েছে, সেগুলোর শর্তের ওপর নির্ভর করে আমদানি করের হার নির্ধারণ করা হবে।

নতুন শুল্ক ঘোষণায় বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে। গত সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হলেও দুই দেশের বাণিজ্য বিরোধ পুরোপুরি মেটেনি। এ বিষয়ে করা অন্তর্বর্তী চুক্তির মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা।

শেনঝেন সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার শর্ত পুরোপুরি মানছে না চীন। ওয়াশিংটনের দাবি, কৃষিপণ্য কেনা, বিরল মৃত্তিকা উপাদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহের প্রতিশ্রুতি পূরণে পিছিয়ে রয়েছে বেইজিং।

তবে মঙ্গলবার চীন গ্যালিয়াম, জার্মেনিয়াম ও অ্যান্টিমনিসহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল শুক্রবার থেকে।

এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির সমালোচকেরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের পণ্যের দাম বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com