

অগ্নিসন্ত্রাসকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।’
আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘অগ্নিসন্ত্রাস যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগের আসল চরিত্র এবং তাদেরকে কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তারাই জাস্টিফাই করছে যে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘দেশ ও গোটা জাতি জানছে যে, দেশ এবং এই সরকার কোনো ভুল করেনি। কারণ ওদের রাজনীতি হলো জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাস। আমরা তার বিরুদ্ধে আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব নেব।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশে সংঘটিত সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।