শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রলীগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৩৫ বার

কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রলীগের বঞ্চিত গ্রুপ। একই সঙ্গে ঘোষিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবিতে আগামীকাল বুধবার জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা।

এদিন রাতে তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সদ্য কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এ হরতাল আহ্বান করেন। পাশাপাশি হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। প্রায় ৬ বছরের মাথায় কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন এই কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

কমিটিতি সাদ্দাম হোসেনকে সভাপতি এবং মারুফ আদনানকে সাধারণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি করা হয়েছে চারজনকে। তারা হলেন-মইন উদ্দীন, কাউসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দীন খোকন ও নারিমা জাহান।

যুগ্ম সম্পাদক করা হয়েছে চারজনকে। তারা হলেন- আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চারজনকে। তারা হলেন- ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত কমিটি অনুমোদনপত্রে বলা হয়েছে, কক্সবাজার জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে প্রকৃত ছাত্র ও ত্যাগীদের বঞ্চিত করে বয়সোত্তীর্ণ ও অছাত্রদের পদ দেওয়ার অভিযোগ তুলে তাৎক্ষণিক এর প্রতিবাদ করেছে ছাত্রলীগের একটি পক্ষ। তারা সোমবার রাত আটটার দিকে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং সড়ক অবরোধ করে রাখেন। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা চলে যায়।

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ জানিয়ে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন।

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতির কথা জানিয়ে আকস্মিক আমাদের অজান্তে এই কমিটি দিয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সর্বশেষ জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের এক মাস পর ২০১৫ সালের ১০ জানুয়ারি ইষ্টিয়াক আহ্মেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com