রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বরিশাল ছাত্রলীগ সভাপতির সহযোগী পরিচয়ে শোরুমে লুট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৭০ বার

বরিশাল নগরীর সদর রোডে একটি শোরুমে মহানগর ছাত্রলীগ সভাপতির সহযোগী পরিচয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শোরুমের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর রোডের বিবির পুকুর পাড়ে টপটেন শোরুমে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শোরুমের কর্মকর্তারা জানায়, টপটেন শোরুমে হঠাৎ ২০-২৫ জনের একটি দল প্রবেশ করে বিভিন্ন কক্ষে ঢুকে জামা-কাপড় দেখতে চায় এবং বলে, যা কিছু নেব সব কিছুর দাম মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন ভাই দেবে। তারা শোরুমের মধ্যে হট্রগোল শুরু করে জামা-কাপড়, জুতা, ঘড়িসহ যে-যার মতো করে হাতে নিয়ে দৌড় দেয়।

এ সময় তাদেরকে বাধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। এরপর শোরুম কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিলে পরিস্থিতি বেগতিক দেখে লুটপাটকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় পাঁচজনকে হাতেনাতে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। আটককৃতদের পরিচয় জানা যায়নি।

আটককৃতরা বলেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত না। কারা করেছে তাও জানেন না। তারা কেনাকাটার জন্য এখানে এসেছিলেন। উল্টো তাদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গেছে শোরুমের লোকজন।

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘কে বা কারা এই কাজ করেছে আমি জানি না। বিগত দিনের ন্যায় আবারও আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে আমার নাম ব্যবহার করতে চাইছে।’

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com