বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

মেট্রোরেলের মালামাল ভাঙারি হিসেবে বিক্রি করছে চোরচক্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫০ বার

মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন ধরনের মালামাল কৌশলে চুরির পর সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করেছে একটি চোরচক্র। কিছুদিন আগেও চক্রটি মেট্রোরেল প্রকল্পের দুই টন মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করে। অবশেষে চক্রের প্রধান দেলোয়ার হোসেনসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- দুলাল হোসেন, হাসমত বেপারী, রবিন ও আনোয়ার হোসেন। গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবী ও রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মেট্রোরেলের কাজে ব্যবহৃত লোহা ও ইস্পাতের এক টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও তিনটি ট্রাক জব্দ করে পল্লবী থানার পুলিশ।

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘কয়েক মাস ধরে মেট্রোরেলের পথ তৈরির সরঞ্জাম চুরি হচ্ছে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ পল্লবী থানায় অভিযোগ করে। অভিযোগে বলা হয়- গত ফেব্রুয়ারি মাস থেকে মেট্রোরেলের মালামাল চুরি শুরু হয়। পল্লবীর মেট্রোরেল ৮৪ নম্বর পিলার থেকে মিরপুর ১০ নম্বর এলাকার ২৪৭ নম্বর পিলারের এলাকায় চুরিগুলো হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে পল্লবী থানার তিনজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে তিনটি দল চোরচক্রকে ধরতে গতকাল বৃহষ্পতিবার দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ মিরপুর ১২ নম্বর সেকশনের সিরামিকস রোড থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএসের বৃন্দাবন এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘দেলোয়ার মেট্রোরেলের পথ তৈরিতে ব্যবহৃত চোরাই সরঞ্জাম বিক্রি করার জন্য একটি ট্রাকে তুলছিলেন। দেলোয়ারের তথ্যের ভিত্তিতে পরে পল্লবীর কালশী এলাকা থেকে আনোয়ার হোসেন, রূপনগর থেকে হাশমত আলী এবং পল্লবী থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। এই অভিযান শেষ হয় রাত ১০টায়। ’

চক্রটি এর আগেও মেট্রোরেলের মালামাল চুরি করেছে জানিয়ে এডিসি আরিফুল ইসলাম বলেন, ‘ডিএমপি কমিশনারের পক্ষ থেকে দুই সপ্তাহ আগে মেট্রোরেলের মালামাল পাহারা দেওয়ার জন্য আলাদা ফোর্স দেওয়া হয়। মেট্রোরেলের স্টেশনগুলোতে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা আলাদা ফোর্সের ব্যবস্থাও করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে অন্য কোনো চক্র আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আসামিদের কাছ থেকে অন্য কোনো বড় কোম্পানি চুরি হওয়া মালামাল ক্রয় করছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

অভিযান পরিচালনাকারী পল্লবী থানার এসআই মো. সজীব খান জানান, গ্রেপ্তারকৃতরা ছয় মাস ধরে মিরপুর ১২ থেকে ১০, মিরপুর ১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল পথ তৈরির সরঞ্জাম চুরি করে আসছিলেন। তারা কিছুদিন আগে মেট্রোরেলের দুই টন মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেন। আসামিরা মেট্রোরেল এলাকা থেকে মালামাল চুরি করে সেই মালামাল ভাঙারি হিসেবে প্রস্তুত করে। পরবর্তীতে তারা বিভিন্ন ভাঙারির দোকানে এ মালামাল বিক্রি করে। বৃহস্পতিবারের অভিযানে দুটি ভাঙারির দোকান থেকে জব্দ করা মালামাল উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com