বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

এক নেতায় চলছে রাজনগর উপজেলা আওয়ামী লীগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ বার

এক নেতা দিয়েই চলছে মৌলভীবাজারের রাজনগর আওয়ামী লীগের উপজেলা কমিটি। তিন বছর মেয়াদি কমিটির প্রায় দুই বছর পূর্ণ হতে চললেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি দলটি। সম্মেলনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। এর কিছুদিন পর সভাপতি মারা গেলে দলের সাধারণ সম্পাদক একমাত্র সদস্য থেকে যান। সম্মেলনের পর ২১ মাস পার হয়ে গেলেও ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির ৭০টি পদ এখনো শূন্য। ফলে উপজেলার আট ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নিয়ে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে দলটিকে।

দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই যুগ পর ২০১৯ সালের ৭ ডিসেম্বর রাজনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের দিন কাউন্সিল অধিবেশনে সমঝোতার ভিত্তিতে তিন বছর মেয়াদি কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সভাপতি হয়েছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুদ্দোজা এবং সাধারণ সম্পাদক হন জেলা কমিটির সদস্য ও রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত। সম্মেলনের পর পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ ও বিধিনিষেধে পূর্ণাঙ্গ কমিটি আর গঠন করা সম্ভব হয়নি। এদিকে গত ২৪ মার্চ উপজেলা সভাপতি মিছবাহুদ্দোজা বার্ধক্যজনিত কারণে মারা যান। কমিটির একমাত্র নির্বাচিত সদস্য এখন শুধু সাধারণ সম্পাদক মিলন বখত।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি খসড়া তালিকা করা হয়েছিল। এর কিছুদিন পরই করোনা সংক্রমণ দেখা দেয়। বিধিনিষেধ চলাকালে দলের নেতাকর্মীরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। দলীয় কাজেও স্থবিরতা আসে। এমতাবস্থায় আর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। সভাপতির মৃত্যুর পর সাধারণ সম্পাদক একা হয়ে গেছেন। তিনি উপজেলার আট ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নিয়ে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

একা হওয়ায় দায়িত্ব আরও বেশি বলে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন বখত বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তারা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষা করছেন। সম্প্রতি সিলেট বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গে রাজনগর উপজেলা কমিটি গঠন নিয়ে কথা হয়েছে।

আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা পেলেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতদিন করোনার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com