বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দিনে মনোনয়নপত্র জমা, রাতে গুলিতে আ.লীগ প্রার্থীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওই প্রার্থীর নিজ বাড়িতে হত্যার এ ঘটনা ঘটে। এদিন দুপুরের দিকে তিনি ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানা গেছে।

নিহত নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ’

এ ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী জানান, নেথোয়াই মারমা এতদিন উপজেলা রেস্টহাউসে ছিলেন। শনিবার মনোনয়ন জমা দিয়ে চিৎমরম এলাকায় গিয়েছিলেন নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে। রাতে তার নিজ বাড়িতে জেএসএসের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে।

তিনি আরও জানান, চিৎমরমে দুই যুবলীগ নেতাকে হত্যার ঘটনার পর নেথোয়াই উপজেলা সদরে রেস্টহাউসেই থাকতেন। শনিবার মনোনয়ন জমা দিয়ে বাড়িতে পরিবারের সঙ্গে পরামর্শ করতে যান। কিন্তু রাত ১২টার পরে আগাপাড়া এলাকার বাসায় ১৪-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাসার দরজা ভেঙে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে।

এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাতবর। তবে এ বিষয়ে জেএসএসের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com