শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তার প্রথম ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ সোমবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট আজ দুপুর ১টায় (স্থানীয় সময়) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটির ঢাকার স্থানীয় সময় আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র আমন্ত্রণে মালদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৩ ডিসেম্বর তার সফরের দ্বিতীয় দিনে যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এ ছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও দেশটির ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন। ২৪ ডিসেম্বর মালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com