সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে জামায়াত-এনসিপি একমত, সায় দেয়নি বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮২ বার

প্রধানমন্ত্রী পদে একজন একজন ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে ১০ বছর থাকবে পারবেন—জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত হয়েছে জামায়াত-এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিএনপির সঙ্গে আরও দুটি রাজনৈতিক দল এই প্রস্তাবে সায় দেয়নি।

অপর দল দুটি হলো বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।

এ তথ্য জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ৩৩টি দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

সাকি বলেন, তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই মত দিয়েছে যে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। এ নিয়ে ভিন্নমত থাকায় আলোচনা এখনো চলমান। পরবর্তী বৈঠকের আগে পারস্পরিক মতবিনিময়ের জন্য দুদিন সময় নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নয়—রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংসদে নারী প্রতিনিধিত্ব, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভূমিকা এবং সরাসরি নির্বাচনের প্রশ্নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা ধাপে ধাপে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি গড়ে তুলতে চাই।’

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা দ্রুত কোনো সিদ্ধান্তে না গিয়ে সমঝোতার পথ খুঁজছি। এসব বিষয়ে তাড়াহুড়ো না করে সবার মতামতের ভিত্তিতে ঐকমত্যের পথে এগিয়ে যাচ্ছি। এতে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন আরও সমৃদ্ধ ও টেকসই হবে বলে আমরা বিশ্বাস করি। যদি শেষ পর্যন্ত ঐক্য না হয়, তবে যে দল বা নেতারা দ্বিমত পোষণ করেন, তাদের মতামত জনগণের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com