শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ভিপি নয়, বন্ধু হিসেবে থাকতে চাই: সাদিক কায়েম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার

ভিপি হিসেবে নয়, বরং বড় ভাই, বন্ধু, ছাত্র হিসেবে পরিচয় দিতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাদিক কায়েম। এ সময় স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করার অঙ্গীকারের কথাও জানান তিনি।

ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ বুধবার সকাল সোয়া ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘জয় পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে।’

এ সময় জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের স্মরণ করেন নতুন ভিপি।তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত রেখেছেন। তারা আমাদের প্যানেলের ওপর যে আমানত রেখেছেন সেই হক আদায় করব।’

সাদিক কায়েম বলেন, ‘কথা দিচ্ছি, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করব। আমি ভিপি হিসেবে নয়, বড় ভাই, বন্ধু, ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই।’

সব ধর্মের-বর্ণের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে চলার কথা জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে তৈরি করব। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। নারীদের নিরাপত্তা থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলনে অনেক সহযোদ্ধা ছিল, একসঙ্গে যারা নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। আমাদের যেকোনো ভুল সিদ্ধান্তে তারা ধরিয়ে দেবে আশা করি।’

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com