রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের সব কার্যক্রম থেকে এ পদত্যাগের ঘোষণা দেন।মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জলিল বিশ্বাস মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এর পর থেকে দলের দায়িত্ব পালনকালে সর্বদা নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।তিনি বলেন, ‘রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা।
বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি উল্লেখ করে মায়া বলেন, ‘এর পাশাপাশি জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগকেই শ্রেয় মনে করেছি। জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরো সক্রিয় ভূমিকা রাখবে।’তিনি আরো বলেন, ‘এনসিপি একটি একনিষ্ঠ দল।
এ দলের ওপর সাধারণ জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। আমি চাই, এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।’
এ জাতীয় আরো খবর..