শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

গাজায় এখনো আক্রমণ চলছে, আমাদের কাজ শেষ হয়নি: শহিদুল আলম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার

ইসরায়েলের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরে প্রথিতযশা আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ‘এখনো গাজা মুক্ত হয়নি। সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।’

আজ শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে তুরস্ক থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শহিদুল আলম বলেন, ‘আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাব। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার স্ত্রী রেহনুমা আহমেদসহ পরিবারের সদস্যরা। এ সময় তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে শহিদুল আলম স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তানবুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তানবুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশে রওনা হয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় বিশ্বের প্রথিতযশা অনেক অধিকারকর্মী, পরিবেশকর্মী, রাজনীতিবিদ অংশ নেন। গাজায় পৌঁছানোর আগে একে একে তাদের সবাইকে আটক করে ইসরায়েল বাহিনী। গত বুধবার আটক হন শহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com