শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ, মূল কারণ কী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার

মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়ায় আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও কমাতে পারে—এমন প্রত্যাশাই দাম বাড়ার মূল কারণ। খবর রয়টার্স।

সোমবার (১০ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭৯ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি এবং গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৮৭ ডলার ৮০ সেন্টে। একই দিনে ডলারের বিনিময় হার কমেছে দশমিক ১ শতাংশ।

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের দরপতন এবং ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়িয়েছে। পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বেড়েছে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে সরকারি ও খুচরা খাতে কর্মসংস্থান কমেছে। প্রতিষ্ঠানগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে কর্মী ছাঁটাই করছে। এছাড়া ভোক্তা আস্থা নেমেছে সাড়ে তিন বছরের সর্বনিম্নে, যা দীর্ঘ সরকারি অচলাবস্থার (শাটডাউন) প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

রোববার মার্কিন সিনেট শাটডাউন সমাধানে প্রাথমিক অগ্রগতি দেখালেও অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করেছেন, অচলাবস্থা চলতে থাকলে চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি নেতিবাচক হতে পারে।

এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা ডিসেম্বরে সুদহার কমানোর সম্ভাবনা ৬৫ শতাংশ ধরে নিচ্ছেন। জিগার ত্রিবেদীর মতে, স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। দাম বাড়তে বাড়তে ৪ হাজার ১২০ থেকে ৪ হাজার ১৩০ ডলার পর্যন্ত যেতে পারে।

এদিন শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম আউন্সপ্রতি ৪৯ ডলার ৯১ সেন্ট, যা ৩ দশমিক ৩ শতাংশ বেশি। প্লাটিনাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৬ ডলার ২৫ সেন্টে, আর প্যালাডিয়াম বেড়ে ১ হাজার ৪০৩ ডলার ৬৩ সেন্টে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com