বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

তারেক রহমানের সফর : সিলেটি জামাইকে বরণে প্রস্তুতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার

দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি শ্বশুরবাড়ি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই আধ্যাত্মিক নগরী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ডাক দেবেন তিনি। তারেক রহমান সিলেটে আগমন করবেন, এ খবরে সিলেটসহ বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিলেটি জামাই বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সিলেটবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাকে সফল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথাও জানানো হয়েছে। বিএনপি নেতারা দাবি করেছেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশেই কর্মসূচি পালিত হবে।

বিএনপি সূত্রে জানা যায়, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এ জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সিলেট মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন ইউনিট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠ সাজানো, মঞ্চ নির্মাণ, পোস্টার-ব্যানার ও প্রচারের পরিকল্পনা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আয়োজকরা আশা করছেন, জনসভায় সিলেট বিভাগের চার জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটবে।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, বরং রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করার মাধ্যমে জনগণের মধ্যে নতুন বার্তা দিতে চায় দলটি। বিশেষ করে তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট হওয়ায় এই সফরের রয়েছে আলাদা আবেগ ও রাজনৈতিক গুরুত্ব।

বিএনপি সূত্রে আরও জানা যায়, ২২ জানুয়ারি সফরের দিন সকালে সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন হবিগঞ্জেও একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সিলেটের বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে জানা যায়, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা বিএনপির জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। এতে করে দলটি সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারবে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ কালবেলাকে বলেন, দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে সারা দেশে একটি শক্তিশালী বার্তা যাবে।

তিনি আরও বলেন, আমরা আনন্দিত তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন। আমাদের যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা উনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা আছি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী কালবেলাকে বলেন, আমাদের চেয়ারম্যানকে বরণ করার জন্য সিলেটের মানুষের মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, এবারও অনুরূপভাবে আমাদের নেতা নির্বাচনী কার্যক্রম সিলেট থেকে শুরু করবেন। যেহেতু ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেহেতু তিনি ২২ তারিখই সিলেটে আসার বিষয়ে জেনেছি। চূড়ান্ত সূচি এখনো আমরা জানি না। তবে যখনই আসুন না কেন, তিনি আসবেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ চলছে।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, তারেক রহমান দীর্ঘ বছর পর সিলেটে আসছেন। পাশাপাশি নির্বাচনী প্রচার গতানুগতিকভাবে সিলেট থেকেই শুরু হবে। তারই ধারাবাহিকতায় আমাদের দলের চেয়ারম্যান সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এ ছাড়া সিলেটে আমাদের নেতার শ্বশুরবাড়িও। প্রায় ২২ বছর পর তিনি শ্বশুরবাড়ি এলাকায় আসছেন। অনুষ্ঠান সফল করতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com