

রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় আরেকবার জুলাই যোদ্ধা হয়ে জয় ছিনিয়ে আনতে যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ শনিবার সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জামায়াত আমিরের পাশেই ছিলেন।
জিয়ারত ও মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান আবু সাঈদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।
কবর জিয়ারতের সময় মোনাজাতে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল করো।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।’
আবু সাঈদসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তাদের স্বপ্ন ছিল সমাজে বৈষম্য থাকবে না, কোনো ধরনের অবিচার মেনে নেওয়া হবে না, কোনো দুর্বৃত্ত-দুষ্কৃতিকারী এদেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর এ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল একটা নিরাপদ বাংলাদেশের যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকবে। আমরা আপনদের কথা দিচ্ছি- শহীদদের স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবো।’
এ সময় যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন,‘আমরা তোমাদের কথা দিচ্ছি- আমরা ক্ষমতায় গেলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব।এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে পেছন থেকে তোমাদের শক্তি, সাহস ও সমর্থন দিয়ে যাবো। কেউ যাতে তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে, এজন্য তোমাদের জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে। জয় ছিনিয়ে আনতে হবে।’
আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, শহীদ আবু সাঈদের যে প্রেরণা ও চাওয়া ছিল, তাকে সমর্থন জানিয়েই জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাবে। আগামীতে যাদের হাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেন তাদের সাহায্য করেন সেই প্রার্থনাও করেন তিনি।
এ সময় তার সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আক্তার হোসেনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান গতকাল শুক্রবার হেলিকপ্টারযোগে পঞ্চগড়ে আসেন এবং সেখানে জনসভা করেন। এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের টাউন হল চত্বরে জনসভা শেষ করে শনিবার পীরগঞ্জে আসেন। জিয়ারত শেষে তিনি সড়কপথে গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনার উদ্দেশে রওনা হন। এই জেলাগুলোতে জনসভা শেষ করে জামায়াত আমির ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।